খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে : মির্জা ফখরুল
- আপলোড তারিখঃ
২৭-০২-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছে। সুচিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অসুখ, তা অত্যন্ত মারাত্মক। তার নিয়মিত সুচিকিৎসা প্রয়োজন। কিন্তু তাকে তার কোনো ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না, চিকিৎসাও দেয়া হচ্ছে না। বিগত বছরের ৯ই নভেম্বর থেকে তাঁর কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। ২৪শে ফেব্রুয়ারি আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে কারাগারে গিয়ে দেখেছেন। তিন মাসে তাঁর রক্ত পরীক্ষা থেকে শুরু করে শারীরিক কোনো পরীক্ষাই করা হয়নি। এটি দেখে চিকিৎসকেরা অত্যন্ত বিস্মিত হয়েছেন। বিএনপির মহাসচিব বলেন, তিন মাস আগে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত সরকারি মেডিকেল বোর্ড গতকাল প্রথমবারের মতো তাকে দেখতে যায়। তারা পরীক্ষা করতে গিয়ে বিস্মিত হয়েছেন, গত সাড়ে তিন মাসে তার কোনোরকম ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি। এক্স-রে করা হয়নি। ব্লাডপ্রেশার পর্যন্ত মাপা হয়নি। বিএনপি মহাসচিব বলেন, কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া হেঁটে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। এখন তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতেও পারেন না। তার দুই কাঁধে ব্যথা। হাঁটুর ব্যথা বেড়ে গেছে। এ ছাড়া তার ডায়াবেটিসসহ অন্যান্য রোগও বেড়েছে। তার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, প্রচ- ব্যথা ও হাতের কাঁপুনির কারণে কোনো কিছু ধরতে পারছেন না। তার বয়স ৭৩ এর পথে। এই বয়সে এ রোগগুলোর নিয়মিত চিকিৎসা করা না হলে জীবননাশের প্রচ- ঝুঁকি থাকে। আমরা আশঙ্কা করছি, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে মূলত তাকে অকালে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এখন চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে ‘জনগণের ভোটে নির্বাচিত নয়’ এই সরকারকে সব দায়দায়িত্ব নিতে হবে। আমরা সাফ জানিয়ে দিতে চাই, দেশনেত্রীর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়, এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার চিকিৎসায় বাড়তি খরচ হলে সে চিকিৎসার সব খরচ বহন করতেও রাজি বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চার মাস ধরে খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়, আইনজীবী ও দলীয় নেতাদেরও দেখা করতে দেয়া হচ্ছে না।
কমেন্ট বক্স