মুজিবনগরে আ.লীগ প্রার্থী জিয়াউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে
সমীকরণ প্রতিবেদন:
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৪ মার্চ মেহেরপুরের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মেহেরপুর জেলার তিন উপজেলায় ১২ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদেরমধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২জন, গাংনী উপজেলাতে ৯জন এবং মুজিবনগর উপজেলায় ১জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি বা জামায়াত থেকে কেউ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেননি।
মেহেরপুর সদর:
মেহেরপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেহেরপুর শহর আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের দলীয় প্রার্থী এড.ইয়ারুল ইসলাম ও বাংলাদেশ জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি নুরুস সাফা প্লাবন। ভাইস চেয়ারম্যান পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- শহিদুজ্জামান সুইট, আব্দুল হান্নান, মতিয়ার রহমান, মোমিনুল ইসলাম, আব্দুল মালেক মোল্লা, রাশেদ লতিফ, নিশান সাবের, আনারুল ইসলাম ও মাসুদ রানা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- লতিফন নেছা লতা, রোকসানা কামাল, শাহাজাদী খাতুন ও সামুসুন্নাহার ঝুনু।
গাংনী:

গাংনী উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন । এরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, জেলা ওয়ার্কাস পার্টির সদস্য কমরেড আব্দুল মাবুদ ও গোলাম মোহাম্মদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন- রাশেদুল হক, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল বাশার, আবুল কালাম ও চায়েন আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন- সেলিনা মমতাজ কাকুলী, রোকসানা খাতুন, ফারহানা ইয়াসমিন, শিরিনা খাতুন ও চামেলি খাতুন।
মুজিবনগর:
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে ১ জনসহ মোট ৯জন পার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত এ সকল প্রার্থীরা মনোনয়নপত্র জমাদেন। মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। এ পদে আর কেউ মনোনয়নপত্র উত্তোলন বা জমা না দেয়ায় বাছাই বৈধতা পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন তিনি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাবেক রোকুনুজ্জামান রোকন, সেচ্ছাসেবকলীগ নেতা খালেদুজ্জামান কাজলসহ জিল্লুর রহমান ও বিএম জাহিদ হাসান (রাজীব)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, আফরোজা খাতুন ও মিসেস নাজমা খাতুন মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলার একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তকলিমা খাতুন মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এবং খালেদুজ্জামান কাজল, জিল্লুর রহমান ও বিএম জাহিদ হাসান (রাজীব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা খাতুন ও মিসেস নাজমা খাতুন মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমাদেন।