শিক্ষার মানউন্নয়নে সভা ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এমপি টগর দেশের উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা অডিটোরিয়াম চত্বরে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে দামুড়হুদা উপজেলায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় আসলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। এই দেশ এক সময় বিশ্বের দরবারে দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ বাংলাদেশ বিশ্বের দরবারে আর তলাবিহীন ঝুড়ি নামে পরিচিত নয়, উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আজ আমাদের দেশে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাচ্ছে, শিক্ষাবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতি ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে। দেশের বড় বড় মেগা প্রজেক্টের কাজ করে চলেছে বর্তমান সরকার। এই কাজগুলো বাস্তবায়ন করাটাই ছিল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের জন্য সকলকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু ও দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকি সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারি আতিয়ার রহমান হাবু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সেক্রেটারি সাবির হোসেন মিকা, ওমর আলী মেম্বর, যুবলীগ নেতা মান্নান খাঁন, আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, রিপন, লোমান, মিল্লাত, আলামিন, প্রভাত আলম, রায়হান হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন