অবৈধভাবে ভারতে প্রবেশ: ছয়মাস হাজতবাস শেষে দেশে ফিরল শিশুসহ ৮ বাংলাদেশী : আবার আটক জীবননগর অফিস: দীর্ঘ ৬ মাস ভারতে হাজতবাস শেষে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে দেশে ফিরল শিশুসহ ৮ বাংলাদেশী। গত বুধবার মধ্যরাতে ওই সীমান্তের ৬২নং মেইন পিলার এবং ৯নং সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশী অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের হরিচাঁদ মল্লিকের ছেলে শ্রী সঞ্জয় কুমার মলি¬ক (২৩), শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মোক্তার হোসেন সর্দারের ছেলে আরব আলী সর্দার (২৭), সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৬), সাতক্ষীরা সদর উপজেলার রেজাউল হকের মেয়ে মৌসুমী খাতুন (২০), নড়াইলের কালিয়া উপজেলার চালিতলা গ্রামের শাফির উদ্দিনের ছেলে রবিউল মোল্লা (৩৫), রবিউল মোল্লার স্ত্রী সামর্থ বিবি (২৭) ও শিশু কন্যা মরিয়ম (৫) এবং বৃষ্টিপুর গ্রামের নাহিদ শেখের স্ত্রী পিংকি শেখ (২৭)। আটককৃতদের দাবি তারা ভারতে দীর্ঘ ছয় মাস ধরে হাজতবাস করে দেশে ফিরছিলেন। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, একজন শিশুসহ ৮ বাংলাদেশী এর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে ৬ মাস হাজতবাস করে দেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
সমীকরণ প্রতিবেদন