পিপিএম পদক পাচ্ছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার
- আপলোড তারিখঃ
৩০-০১-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য এবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)-২০১৮ পদক পাচ্ছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২-এর উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া সারাদেশের পুলিশের ৩৪৯ জন কর্মকর্তা এবং সদস্য বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন। প্রতিবছর পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন প্রধানমন্ত্রী। এই পদক পাওয়ায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসিসহ চুয়াডাঙ্গা জেলায় বিভিন্নপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের বিবেচনায় বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা এই চারটি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। গত বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৮২ জন জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। এ বছর এই সংখ্যা হয়েছে ৩৪৯। উল্লেখ্য, মাহবুবুর রহমান পিপিএম ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা পুলিশের বিশেষ শাখা থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ পান। এরপর ২৮ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি করাসহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। যার কারণে চুয়াডাঙ্গা সাধারণ জনগণের মধ্যে অতি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছেন।
কমেন্ট বক্স