বিদ্যুতের ফেরিওয়ালা এখন দর্শনায়!
- আপলোড তারিখঃ
২৪-০১-২০১৯
ইং
আহম্মাদ সগীর: সচরাচর যে কোনো পণ্য কিংবা সামগ্রী দুয়ারে দুয়ারে ফেরি করে বিক্রি করতে দেখা গেলেও এবার ফেরি করে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নিয়েছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দর্শনা সাব জোনাল অফিস। ঘুষ, দুর্নীতি ও হয়রানি মুক্ত বিদ্যুতের অঙ্গিকার নিয়ে গতকাল বুধবার জীবননগর উথলী থেকে বর্হিঃসেবামূলক এ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি দর্শনা সাব জোনাল অফিসের এজিএম (কম) অমিত কুমার দাস। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একজন সাধারণ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন ঘরে বসে। পল্লী বিদ্যুৎ সমিতির অভিনব এ কর্মসূচি গ্রাহকসহ সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ কর্মসূচির আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভ্যানে- মিটার, তার, মই ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ‘আলোর ফেরিওয়ালা’ ডিজিটাল সাইনবোর্ড টাঙিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ‘বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ’ স্লোগানে প্রচার করার মাধ্যমে খুব সহজ ব্যবস্থাপনায় বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এতে করে সংযোগ প্রত্যাশীদেরকে দালাল বা মধ্যস্থকারীর আশ্রয় নিতে হচ্ছে না। অচিরেই পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে সরাসরি সংযোগ পাচ্ছেন তারা।
দর্শনা পৌর শহরের সচেতন নাগরিক ও সাংবাদিক আওয়াল হোসেন জানান, বিদ্যুৎ অফিসে ধর্ণা না দিয়ে মাত্র কয়েক মিনিটেই সংযোগ পাওয়ার ব্যবস্থা ইতোপূর্বে কখনো দেখিনি। এ ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগসহ যথাযথ সুবিধা পাবে গ্রাহকেরা।
এ প্রসঙ্গে এজিএম (কম) অমিত কুমার দাস জানান, বিদ্যুৎ সুবিধা অতি সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচির মাধ্যমে সংযোগ পাওয়া খুব সহজ হয়েছে। অফিসে এসে কোনো গ্রাহককে দিনের পর দিন হাঁটতে হবে না, দালালের ভোগান্তিতে পড়তে হবে না, মিটারের জন্য কাউকে আর অপেক্ষা করতে হবে না। শুধুমাত্র ওয়্যারিং থাকলেই আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একজন গ্রাহককে সংযোগ দেয়া হচ্ছে।
এ কর্মসূচীর সহায়তায় ওয়্যারিং ইন্সপেক্টর এ.কে আজাদ, লাইনম্যান মোস্তাফিজুর রহমান, ইলেকট্রিশিয়ান আহম্মাদ সগীর, বিপ্লব, মিজানুর রহমান, শাহাবুলসহ স্থানীয় সংযোগ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স