দর্শনায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা মা-ছেলে জখম
- আপলোড তারিখঃ
২৪-০১-২০১৯
ইং
দর্শনা অফিস: দর্শনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা রমিছন (৬৫) ও ছেলে ইউনুছ (৪৭) রক্তাক্ত জখম হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা কেরুজ প্রাথমিক বিদ্যালয় পাড়ায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আয়নাল মন্ডলের দুই ছেলে আবুল মন্ডল ও মঙ্গল মন্ডল এবং পাঁচ মেয়ে রমিছন, কমেলা, তামাশি, ছামছুন নেছা ও তমেলা। আয়নাল মন্ডল মৃত্যুবরণ করলে ওয়ারিশ সূত্রে জমির মালিক তাদের সন্তানেরা হয়। এর মধ্যে দর্শনা কেরুজ প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আবুল মন্ডল ও তার বোনদের জমি অপর ভাই মঙ্গল মন্ডলের ছেলে আজিমুদ্দিন ও নাজিম উদ্দিন জবরদখল করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা হলে জমির রায় পায় আবুল মন্ডল ও তার বোনেরা। আবুল মন্ডল মৃত হওয়ায় তার ওয়ারিশ ও পাঁচ বোন জমিদখল নিয়ে সেখানে ঘর বাঁধে। এ জমি দখল করতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মৃত মঙ্গল মন্ডলের ছেলে আজিমুদ্দিন, নাজিমুদ্দিন ও হাসানসহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় রমিছনসহ তার বোনদের বাড়িতে। এতে রমিছন ও ছেলে ইউনুছকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে রাতেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহতদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
কমেন্ট বক্স