নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের এপেক্স ইটভাটার শ্রমিকদের শেডে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরো দু’জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই ঘটনায় এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার সিরাজুল ইসলাম (৩৮) ও খোকন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন তথ্যের মাধ্যমে সদর থানা পুলিশ জানতে পারে এপেক্স ইট ভাটার শ্রমিকদের শেডে ডাকাতির ঘটনায় এরা জড়িত থাকতে পারে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গত বুধবার দিবাগত রাতে শহরের বনানীপাড়ায় অভিযান চালিয়ে বনানীপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ও খোদাবক্স মন্ডলের ছেলে খোকনকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দক করে থানা পুলিশ। বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ পর্যন্ত ওই মামলায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা পৌর শহরের এপেক্স ইটভাটায় রাতের আধারে ইটকাটা শ্রমিকদের থাকার শেডে হামলা চালায় ২০/২২ জন ডাকাত। শেডের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিকদে ব্যবহৃত মোবাইলফোনসহ নগদ টাকা ও এক মহিলা শ্রমিকের কানের দুল লুট করে নেয় শ্রমিকরা। গত রোববার দিবাগত রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন ভাটা মালিক বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম কৌশলে প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। ঘটনার একদিন পর মঙ্গলবার দিবাগত রাতে ৫জন পরদিন বুধবার দিবাগত রাতে ২জনসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সমীকরণ প্রতিবেদন