থার্টি ফার্স্টে নাচ-গান উৎসব বন্ধ
- আপলোড তারিখঃ
৩০-১২-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ৩১ ডিসেম্বর রাতে পটকবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালনাসহ যে কোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ওইদিন রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশকিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযান উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে এ দুইটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে।
কমেন্ট বক্স