জীবিকার একমাত্র অবলম্বন চুরি হওয়ায় অর্ধাহারে হাবি মন্ডল
- আপলোড তারিখঃ
০২-১২-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হলিধানী বাজার থেকে গত এক বছরে ১৮টি মোটরসাইকেল চুরি হওয়ার খবরটি ভাইরাল হওয়ার একদিন পর আবারো চুরি হয়েছে একটি ব্যাটারি চালিত ভ্যান। চোরেরা দিনে দুপুরে চোখে ধুলা দিয়ে জীবিকার একমাত্র বাহনটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি সদর উপজেলার সাগান্না গ্রামের হতদরিদ্র হাবিবুর রহমান ওরফে হাবি মন্ডলের। ব্যাটারি চালিত ভ্যানটি হারিয়ে বড়ই অসহায় হয়ে পড়েছেন হাবিবুর রহমান। তিনি এখন অর্ধাহারে দিন কাটাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার হাবিবুর রহমান ভ্যান রেখে বাজারে যায়। এসে দেখেন ভ্যানটি আগের স্থানে নেই। বহু খোঁজ করেও ভ্যানটি পাননি তিনি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ হলিধানী বাজার এলাকায় একটি শক্তিশালী চোর চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের কেশাগ্র কেও স্পর্শ করতে পারেনি। এই চক্রটি বাজারের কাপড় ব্যবসায়ী মনোয়ার হোসেন দিপুর মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তির ১৮টি মোটরসাইকেল চুরি করেছে।
কমেন্ট বক্স