দর্শনায় সড়ক দুর্ঘটনায় আহত-৬
- আপলোড তারিখঃ
১৬-১১-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনার হঠাৎপাড়া-দুধপাতিলা সড়কে মাইক্রোবাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা বিলের ধার পাড়ায় মাইক্রোবাস ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আলমসাধু খাদে উল্টে পড়ে দুধপাতিলা গ্রামের নুর ইসলাম বাওনের ছেলে সাহেব আলী (৩৮), জাহিরুল (৬০), জামশের আলীর ছেলে সোহাগ (২২), সাহেব আলীর ছেলে নয়ন (১৮), জাহিরুলের ছেলে ওয়াশিম (১৭) ও মৃত. শুকুর আলীর ছেলে আলমসাধু চালক আছের আলী (৫৫) আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসের রেজিঃ নং- চট্টগ্রাম মেট্রো- চ ৫১-১২১৪। স্থানীয়রা বলেন, আহত সাহেব আলী, জাহিরুল, সোহাগ, নয়ন ও ওয়াশিম গরুর ব্যবসা করেন। তারা গতকাল সন্ধ্যার পর গরু বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্ত বাড়ির নিকটবর্তী বিলপাড়া ব্রীজটি পার হতেই সামনে দিক থেকে আসা একটি মাইক্রোবাস অপর একটি গাড়ির পাশ কাটাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মানুষ ভর্তি আলমসাধুর সাথে ধাক্কা দেয়। এতে করে আলমসাধু উল্টে খাদে পড়ে এবং আলমসাধুতে থাকা সকলেই আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সাহেব আলীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সে এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কমেন্ট বক্স