শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট ও বালু জব্দ

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৮ ইং
মেহেরপুরে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট ও বালু জব্দ
রক্ষা পেলো শত শত বিঘা ফসলি জমি বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ঘাসের মাঠ এলাকায় কয়েকমাস ধরে আবাদি জমি বিলিন করে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে খনন করে বালু উত্তোলন করেছেন ওই এলাকার কয়েকজন অসাধু বালু ব্যবসায়ী। ফলে এলাকার পার্শ্ববর্তী জমি ধ্বসের আশঙ্কাসহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার ও গতকাল বৃহস্পতিবার দু’দিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ড্রাম ড্রেজার বিনষ্ট ও উত্তোলনকৃত এক লাখ ৩৯ হাজার ঘনফুট বালু জব্দ করেছে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক। তবে অভিযানের ঘটনা জানতে পেরে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ পেয়ে বুধবার বিকাল এবং বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায় ওই গ্রামের ওসমান গনি, ইমাদুল ইসলাম, বাদশা মন্ডল ও সমিল মন্ডল ড্রাম ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করে স্তুপ করে রেখেছেন। তাৎক্ষনিকভাবে ওসমান গনি, ইমাদুল ইসলাম ও এনামুল হকের ড্রাম ড্রেজার ঘটনাস্থলে পেয়ে সেগুলো বিনষ্ট করা হয় এবং সকলের স্তুপ করে রাখা ১ লাখ ৩৯ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তিনি আরো জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই তিনটি অবৈধ ড্রাম ড্রেজার বিনষ্ট করা হয়েছে এবং বালুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে এলাকাবাসীরা জানান, এর আগেও তাদের জরিমানা করা হয়েছিল, তবুও তারা থেমে থাকেনি। এ ধরণের নজরদারী অব্যাহত থাকলে বালু উত্তোলনকারীদের হাত থেকে ফসলী জমি রক্ষাসহ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটবে না।


কমেন্ট বক্স