মেহেরপুরে অস্ত্র মামলায় ইউপি সদস্যের ১০ বছর জেল!
- আপলোড তারিখঃ
১৭-০৭-২০১৮
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় সাইদুর রহমান মিলন নামের এক ইউপি সদস্যর ১০ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত সাইদুর রহমান মিলন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মটুমড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ১নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিলনের বাড়িতে অভিযান চালান গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার খালেদ। ওই সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশিয় তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে উপ-পরিদর্শক (এসআই) আনিসুজজ্জামান আদালতে অভিযোগ পত্র জমা দেন। মামলায় ৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা করে মাত্র ৭ মাসের মধ্যেই সোমবার আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স