স্কুলছাত্রকে বেধড়ক মারপিট : রেফার্ড
- আপলোড তারিখঃ
১০-০৭-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় বন্ধুর প্রেমিকার সাথে প্রেম করায় বিপত্তি
নিজস্ব প্রতিবেদক: বন্ধুর প্রেমিকার সাথে প্রেম করায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আশিক রানাকে (১৫) বেধড়ক পিটিয়েছে অজ্ঞাত কয়েক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মাথাভাঙ্গা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত আশিক আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসী আবুল কাশেমের ছেলে ও চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন জানায়, চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আশিক রানা তারই এক বন্ধু প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমের বিষয়টি তার বন্ধু বুঝতে পেরে আশিককে নিষেধ করে। এ নিয়ে কয়েকদিন যাবত দু’জনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য বন্ধুদের সাথে স্কুল থেকে বের হয় আশিক। এ সময় মাথাভাঙ্গা ব্রিজের নিকট কয়েকজন আশিক রানাকে গতিরোধ করে এবং ব্রিজের নিচে নিয়ে যায়। ব্রিজের নিচে যাওয়ার পর অজ্ঞাত ৬-৭ জন মিলে হঠাৎ করেই জে আই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। আশিকের সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে নিচে যায়। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় আশিক ও তার সহপাঠীরা কোন মুখ খোলেনি।
এসময় স্থানীয়রা জখম আশিক রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক বলেন, আশিকের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়। রাজশাহী রেফার্ড করায় পরিবারের সদস্যরা গতকালই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করে।
কমেন্ট বক্স