দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
- আপলোড তারিখঃ
০১-০৭-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সেতু ও সৌরভ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে তাদেরকে দর্শনার মোবারকপাড়া থেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা মোবারকপাড়ায়। এসময় মোবারকপাড়ার বাবুর মেহগনী বাগানের সামনে থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসার হোসেন সেতু (২২) ও আওরঙ্গজেব সৌরভ (২৩) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটককৃত সেতু দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও সৌরভ দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারপাড়ার খালেকুজ্জামানের ছেলে।
এদিকে, মাদকব্যবসায়ীদের আটকের খবর পেয়ে দর্শনার সাংবাদিকেরা সংবাদ ও ছবি সংগ্রহ করতে যায় দর্শনা তদন্ত কেন্দ্রে। ইনচার্জ ইউনুচ আলী দায়িত্বরত কন্সটেবলকে সাংবাদিকদের ছবি ও তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে অন্য কাজে চলে যান। এসময় কন্সটেবল বলেন, মনির স্যার না আসলে ছবি দেওয়া যাবে না। যে অফিসার আসামী ধরেছে সে অফিসারই ছবি ও তথ্য দেবে। এরপর এএসআই মনিরুজ্জামান মনির আসলে তার কাছে আসামীদের ছবি ও তথ্য চাইলে তিনি বিষয়টি এড়িয়ে বাইরে বের হয়ে যান। পরে বাইরে এসে আবারো সাংবাদিকরা ছবি ও তথ্যর বিষয়টি বললে তিনি বলেন, আমি টেনশনে আছি তথ্য ও ছবি পরে দিচ্ছি। এ কথা বলেই তিনি দুরে সরে যান।
সঙ্গে সঙ্গে এ বিষয়টি স্থানীয় সাংবাদিকরা মোবাইল ফোনে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে জানান। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী জানান, আমি ছবি ও তথ্য দেওয়ার জন্য বলে বািইরে চলে গিয়েছিলাম। পরে এসে শুনি একটু ঝামেলা হয়েছে। তবে সাংবাদিকদের সাথে অসাদাচরণের অভিযোগের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
কমেন্ট বক্স