চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০১৮
ইং
বিএনপি মহাসচিবের সামনে পদত্যাগের হুশিয়ারী পদধারীদের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নব ঘোষিত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে এবং কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণা করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ও পদধারী ছাত্রদল নেতারা। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল জাহিদ। লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ০৫ জুন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১২ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে যোগ্য ও রাজপথের পরিক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে ঘাপটি মেরে থাকা ছাত্রদল নামধারীদের কমিটিতে আনা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদেরকেও এই কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু আমরা এই কমিটির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছি। কারণ এই কমিটি তৃণমূলের ছাত্রদলের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে ব্যর্থ।’
মঞ্জুরুল জাহিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এই কমিটির সভাপতি তিন সন্তানের জনক। কেউ ঝুট ব্যবসায়ী, কেউ বা সাংবাদিক আবার কেও ৬ বছর যাবত আত্মগোপণে রয়েছেন। আর আমরা যারা বাকী সদস্যবৃন্দ আছি সকলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছি। একই সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদকে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে যোগ্য ও পরিক্ষিত নেতাদের সমন্বয়ে একটি নতুন কমিটি প্রদান করতে হবে। তা না হলে আমরা যারা নতুন কমিটিতে পদধারী আছি তারা সকলে (৭/৮ জন) একযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে পদত্যাগ পত্র জমা দেব।’
সদ্য ঘোষিত কমিটির ব্যাপারে কোন পরবর্তী সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘এই কমিটির সভাপতি স্বীকার করেছেন- তিনি ব্যতীত বাকী সকলে টাকার বিনিময়ে পদ পেয়েছেন; যার অডিও ক্লিপ আমাদের কাছে আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী তৌফিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও আশিকুল ইসলাম শিপুল, পদবঞ্চিত জেলা ছাত্রনেতা মিলন আলী লিমন, তৌহিদুজ্জামান তৌহিদ, এস.এম হাসান, মতিউর রহমান মিশর, রিন্টু মহলদার, এম.এইচ মোস্তফা, রানা হামিদ, ফয়সাল ইকবাল, সলেমান হোসেন, মোমিনুল ইসলাম, উজ্জল হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স