রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৬ ইং
ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার কামারকুণ্ডু বিশ্বাসপাড়া এলাকায় পূর্বশত্রুতা ও মাদক কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি এবং মারধরের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। গত ২৭ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।


এজাহার সূত্রে জানা গেছে, হামদহ শেখপাড়ার বাসিন্দা মুসলিমা (২৫) বাদী হয়ে ঝিনাইদহ থানায় এজাহার দায়ের করেছেন। এতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, তাঁর স্বামী মো. ইমামুল জেলা ছাত্রদল ঝিনাইদহের সাবেক সদস্য। আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থক এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে এজাহারে দাবি করা হয়েছে। বাদীর স্বামীর সঙ্গে চলাফেরা করা মোবারক (২৪) নামের এক যুবক মাদক কারবারিদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আসামিরা ক্ষুব্ধ ছিলেন।


অভিযোগ অনুযায়ী, ২৭ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে আসামিরা কামারকুণ্ডু বিশ্বাসপাড়ায় মোবারকের বাড়িতে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন। মোবারকের বাবা আলী বক্স (৪৫) ঘর থেকে বের হলে তাঁকে মারধর করা হয় এবং স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও ছেলে লিমন হোসেন (২৭) এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ সময় বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন এবং ঘরের ভেতর থেকে নগদ ৬৫ হাজার টাকা ও প্রায় ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার (যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা) চুরি করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।


এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে বাদীর স্বামী ইমামুল এবং তাঁর সঙ্গী সাব্বির আহমেদ হাদু (২৭), সিহাব আলী (৩২), সাকিব আহমেদ (২৬) ও ইমরান (৩৫) চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে কামারকুণ্ডু বিশ্বাসপাড়ায় মোবারকের বাড়ির প্রায় ১০০ মিটার দূরে পাকা রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পাশাপাশি তাঁদের ব্যবহৃত চারটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে, যার ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা দেখানো হয়েছে।


পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ইমামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে