রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে

পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামে বিএনপির এক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এলাকাবাসীর সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।


ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তছের আলী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। গতকাল শনিবার ফজরের নামাজের আগে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কর্চাডাঙ্গা গ্রামের হাজী তছের আলীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। এতে তাঁর পরিবার ও গ্রামবাসী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।


ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সন্দেহের তীর একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ও আওয়ামী লীগ নেতা হাসান আলীর দিকে। তিনি বিগত স্থানীয় সরকার নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


হাজী তছের আলী দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনের সামনে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হাসান আলী আন্দুলবাড়ীয়া ইউনিয়নসহ জীবননগর উপজেলায় মোট ৩০টি হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল দিয়েছেন। তাঁর দাবি, কর্চাডাঙ্গা গ্রামের আখের আলীর ছেলে ফারুক হোসেন ও মহর আলীর ছেলে আবদুল মজিদ ওই মোটরসাইকেল ব্যবহার করছেন। স্থানীয়ভাবে প্রচার রয়েছে, হাসান আলীর নির্দেশনায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করে তাঁর ছবি সংবলিত পোস্টার এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছিল।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্তার হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বাবু।


এদিকে ভুক্তভোগী ও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ অক্টোবর একই গ্রামের রহমত আলী মিস্ত্রির ছেলে পল্লী চিকিৎসক বাবুল হোসেন ওরফে বাবলু ডাক্তার ফলন্ত পেয়ারা ও চায়না লেবুর গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বাবু পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে