মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১১ ব্যাটালিয়নের বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা চার অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবির সতর্ক অবস্থান ও কঠোর প্রতিরোধের মুখে সকাল সাড়ে ৭টার দিকে ওই চার ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৭ বিজিবির অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের এ প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়। বিজিবির দৃঢ় অবস্থানের ফলে শেষ পর্যন্ত ওই চার ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা থেকে সরে আসতে বাধ্য হয় বিএসএফ।
প্রতিবেদক মেহেরপুর সদর