দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির মাঠে টানা দুই দিনের বৃষ্টিতে বিআর-১১ ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাকা ধান ঘরে তোলার প্রস্তুতির সময় বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। জমিতে পানি জমে কোথাও কাটা ধান পানিতে ভাসছে, আবার কোথাও পাকা ধানগাছ নুয়ে পড়ে ডুবে রয়েছে। এতে ধানের ফলন কমে যাওয়ার পাশাপাশি গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় কুড়ুলগাছির মাঠে ব্যাপকভাবে বিআর-১১ ধানের আবাদ করেছিলেন তারা। ধান পেকে যাওয়ায় অনেকেই কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে তাদের সেই প্রস্তুতি ব্যাহত হয়েছে। জমিতে পানি জমে থাকায় অনেক কৃষক ধান কাটতে পারছেন না। অন্যদিকে, বৃষ্টির পানিতে নুয়ে পড়া ধানের শীষ ডুবে থাকায় পচন ধরার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয় কৃষক খোদা বক্স বলেন, ‘এমনিতেই সার সংকট, ডিজেলের বাড়তি দাম, শ্রমিকের মজুরি এবং সার, বীজ ও কীটনাশকের উচ্চমূল্যের কারণে ধান উৎপাদনে খরচ অনেক বেড়েছে। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। এখন পাকা ধান ঘরে তোলার সময় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়েছে। এতে আমাদের লোকসানের আশঙ্কা রয়েছে।’
আরেক কৃষক আতিয়ার রহমান বলেন, ‘মাঠে আমার তিন বিঘা জমিতে বিআর-১১ ধান রয়েছে। ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে জমির ধান মাটিতে পড়ে গেছে। সময়মতো ধান কাটতে না পারায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করছি। পাশাপাশি ধানের রং ও গুণগত মানও নষ্ট হতে পারে।’
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘসময় পানি জমে থাকলে মাটিতে পড়ে থাকা ধানগাছ পচে যেতে পারে। এতে উৎপাদন কমার পাশাপাশি ধানের বাজারমূল্যও কমে যেতে পারে। ফলে মৌসুমের শেষ সময়ে এসে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, চলতি মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নে বিআর-১১ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৬০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।
প্রতিবেদক কুড়ুলগাছি