চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান। সভার শুরুতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির গত অক্টোবর মাসের সভার কার্যবিবরণী পাঠ করা হয়।
সভায় জেলার বিভিন্ন এনজিওর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসে তাদের বাস্তবায়নযোগ্য বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় মাদক নির্মূল, আত্মহত্যার প্রবণতা হ্রাস ও কিশোর গ্যাং রোধে সকলকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আগামী মাসে কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় এনজিওগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এসময় এনজিওর নিজস্ব কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশ, সুবর্ণ মানব কল্যাণ সংস্থা ও শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি। এই তিনটি এনজিওর কার্যক্রমসমূহ নিয়ে সভায় প্রেজেন্টেশন উপস্থাপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি জানায়, ২০০৫ সালে তাদের এই এনজিওটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে তারা ১৬টি গ্রেডে জেলাব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের অর্থায়নে রয়েছে বাংলাদেশ ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক। তাছাড়া পিকেএসএফ-এর আওতায় নানা রকমের প্রকল্প বাস্তবায়ন করে থাকে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ২১০ জনকে নানান রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সভায় ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোফাজ্জেল হোসেন বাবু বলেন, ব্যুরো বাংলদেশ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যুরো বাংলাদেশ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সাহায্য করার উদ্যোগ নিয়েছে। এর সূত্র ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম তারিক উজ জামান বলেন, খুবই সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি হিসেবে তৈরি করতে পারেন। অন্যান্য সকল এনজিও ও তাদের শাখায় যারা আছেন তারাও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি দিয়ে দিবেন। পাশাপাশি আপনি সরকারি যে দপ্তরগুলোতে সবচেয়ে বেশি মানুষের যাতায়াত থাকে, সেখানে একটা করে কপি আপনাদের নিজ উদ্যোগে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি দিয়ে দিতে পারেন।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান বলেন, এনজিও বিষয়ক সভার মূল উদ্দেশ্য হলো অনেক জায়গা, ক্ষেত্র বা স্থান আছে যেখানে সরকারি অনুদান, ভাতা বা সেবা সঠিক ভাবে নাও পেতে পারে। এই জায়গাগুলোতে আর্থ-সামাজিক মান উন্নয়ন দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য।
তিনি আরও বলেন, সঠিক লোক বাছাই করা জরুরি। যে আগ্রহী, যে আসলেই তার জীবন মান উন্নয়ন করতে চায়, তাদেরকে আপনারা বাছাই করেন, প্রশিক্ষণ প্রদান করেন এবং যার আসলেই প্রয়োজন, স্বচ্ছভাবে তাকে নিয়ে এসে দেন। এবং এর থেকে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, তাকেও প্রত্যেক বিষয়ে দক্ষ হয়ে প্রশিক্ষণটি পরিচালনা করতে হবে। তবেই সে তার উন্নয়ন করতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমাদের অনেকে মধ্যে টাকার জন্য প্রশিক্ষণ নেওয়ার একটা মনোভাব কাজ করে। কিন্তু শুধু নামমাত্র শিখে পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারলাম না, তাহলে তো প্রকৃত অর্থে কোনো লাভ হলো না। শিক্ষার্থীদের ভেতর থেকে শিক্ষক নির্বাচন করুন। প্রশিক্ষণের এই নেটটা সঠিকভাবে গড়তে পারলে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে। সিঙ্গাপুর, মালেশিয়া, আরব-আমিরাত তারা কিন্তু আমাদের থেকে বেশি ধনী ছিল না। প্রাচীনকালে কিন্তু আমাদের দেশ বিশ্বের অন্যতম ১০টি ধনী দেশের একটি ছিল। আজকে আমাদের এই দশার কারণ আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারিনি।
তিনি সবার প্রতি আহ্বান করে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারি দিক-নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রতিটি মানুষের সাথে ওতপ্রত ভাবে জড়িত। এছাড়াও বর্তমানে অত্যাধিক আলোচিত বিষয় হলো মাদক ও কিশোর গ্যাং। আপনারা অভিভাবকদেরকে সচেতন করতে পারেন এসব বিষয়ের প্রতি।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, টিটিসির ইন্সট্রাক্টর আনোয়ার কবির, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা আলমঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা।
নিজস্ব প্রতিবেদক