বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অসুস্থ মায়ের কথা বলে নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ মায়ের কথা বলে নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার থেকে ব্যাংক হতে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে। অসুস্থ মায়ের চিকিৎসার কথা বলে ওই নারীর সঙ্গে কথা বলার পর কৌশলে তাঁর টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছা. কল্পনা খাতুন (৪০) চুয়াডাঙ্গা সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। তিনি শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের সোনালী ব্যাংক থেকে ১০ হাজার টাকা উত্তোলন করেন কল্পনা খাতুন। এরপর বাড়ি ফেরার পথে হাসান চত্বরের অনামিকা দোকানের কাছে ১৫-১৬ বছর বয়সী এক কিশোর তাঁর কাছে এসে নিজেকে বরিশালের বাসিন্দা পরিচয় দিয়ে জানায়, তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এসময় আরও দুজন সেখানে এসে তাদের সঙ্গে যুক্ত হয়। পরে ওই তিনজন তাঁকে অনুসরণ করে পৌরসভা এলাকা হয়ে কালেক্টরেট স্কুল পর্যন্ত যায়।


অভিযোগে বলা হয়, সেখান থেকে রাস্তা পার হয়ে বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান, তাঁর ভ্যানিটি ব্যাগে রাখা ১০ হাজার টাকা, একটি স্বর্ণের বলহার (১ ভরি ৪ আনা), এক জোড়া বালা (১ ভরি ৪ আনা), গলায় থাকা একটি চেইন, তিন আনা ওজনের কানের দুল এবং দুটি আংটি নেই। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কোনো কৌশল প্রয়োগ করে এসব টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা তদন্ত করছি। খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’



কমেন্ট বক্স
notebook

শেখ হাসিনার ফেরা নিয়ে ত্রিমুখী উত্তাপ