মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

জেলা প্রশাসনের অনুমতিও নেই, লাশ উত্তোলনের দাবি
  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

চুয়াডাঙ্গায় কলেজছাত্রী জান্নাতুল মাওয়া জান্নাতের (১৮) রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর ও দ্রুত দাফন করা হলেও এ ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


অন্যদিকে, মরদেহের কপালে আঘাতের চিহ্ন থাকার অভিযোগ তুলে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তাঁর সহপাঠীরা। এ দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা। সহপাঠীদের আশঙ্কা, এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডও হতে পারে।


শিক্ষার্থীদের আবেদনে জান্নাতুল মাওয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় তদন্তের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনে তাঁরা উল্লেখ করেন, জান্নাত তাঁদের সহপাঠী ও শুভাকাক্সক্ষী ছিলেন। তিনি মেধাবী ও সচেতন শিক্ষার্থী ছিলেন। তাঁদের জানা মতে, তাঁর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয়। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গেলে পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে রহস্যজনক আচরণ করেন এবং মরদেহ দেখতে না দিয়েই দ্রুত নিয়ে যান। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এসব ঘটনায় তাঁদের মনে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।


জান্নাতের সহপাঠী আব্দুল জব্বার বলেন, মৃত্যুর আগের দিনও তাঁরা জান্নাতের সঙ্গে কথা বলেছেন। তখন তাঁকে স্বাভাবিক মনে হয়েছিল। হঠাৎ এমন মৃত্যুর খবর তাঁরা মেনে নিতে পারছেন না। এক বড় আপুর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, জান্নাতের কপালে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁদের মনে হত্যার সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তাঁর বাবা শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে বলে জানান তিনি।
জান্নাতের বান্ধবী এ্যানি বলেন, মাওয়া তাঁর খুব কাছের বান্ধবী ছিলেন। তাঁর দাবি, মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে ছিলেন না। এ ঘটনায় পরিবারের কারও সম্পৃক্ততা থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করেন তাঁরা।


সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, জান্নাতের পারিবারিক জীবন নিয়েও নানা অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, তাঁর মা তাঁকে প্রায়ই নির্যাতন করতেন এবং পড়াশোনার খরচও দিতেন না। নিজের পড়াশোনা ও ব্যক্তিগত খরচ চালাতে শহরের একটি সুপারশপে মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি।


এছাড়া শহরের একটি মেসে থাকতেন। মৃত্যুর দিন বাড়িতে যাওয়ার পরই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহপাঠীরা। তাঁদের আরও দাবি, চুয়াডাঙ্গায় যে পরিবারের সঙ্গে জান্নাত থাকতেন, তাঁরা তাঁর জন্মদাতা বাবা-মা নন; ওই পরিবার তাঁকে দত্তক নিয়েছিল। তবে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাঁর জৈবিক বাবা-মায়ের পরিচয় ও অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় নিজ বাড়িতে গলায় ফাঁস দেন জান্নাত। পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার লিখিত আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এরপর গ্রামের বাড়ি আলমডাঙ্গায় তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি বলেন, ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় থেকে লিখিত অনুমতি নিয়ে এসেছিলেন। তাঁরাও ময়নাতদন্ত করাতে চাননি।


তবে জেলা প্রশাসক লুৎফুন নাহার জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতির বিষয় রয়েছে। কিন্তু এ ঘটনায় তাঁর কার্যালয় থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, সন্ধ্যায় তিনি ঘটনাটি জানতে পেরেছেন। শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে তাঁর কাছে এলে লিখিত আবেদন দিতে পরামর্শ দিয়েছেন।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সরাসরি মরদেহ উত্তোলন করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা যাবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।


অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ হস্তান্তর করা হয়েছিল। পুলিশের কাছে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো অজ্ঞাত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।


জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে। তাঁর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের লিখিত অভিযোগ, মরদেহে আঘাতের চিহ্ন থাকার দাবি এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৫