চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. বকুল (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ ও পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলাতদিয়া দক্ষিণ পাড়ার জনৈক মৃত কুদরত আলীর ছেলে মো. বকুল তার বাড়ির আঙিনায় অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন (Pethidine/Buprenorphine
Injection) বিক্রয় করছেন। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ডিবি পুলিশের একটি টিম দ্রুত উক্ত স্থানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. বকুলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে এবং তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২ এমএল এর ১৩ পিস তথা ২৬ এমএল বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই সানজিদ আহমেদ ২০১৭ সালের ৩১ মে তারিখে তদন্ত প্রতিদবেদন দাখিল করে। রায়ে উল্লেখ করা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামির হাজতবাসকালীন আটকাবস্থা মূল সাজা থেকে প্রাক্কলন (বিয়োগ) করা হবে। এছাড়া জব্দকৃত আলামত বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ ও পারিবারিক আপীল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শামীম রেজা ডালিম বলেন, ‘ দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করা হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড প্রদান করেন।রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।’
নিজস্ব প্রতিবেদক