জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেলসচিব ও রেলওয়ের মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসীর পক্ষে সচেতন নাগরিক সমাজ এবং সর্বদলীয় রেলওয়ে স্টেশন রক্ষা ও আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে স্মারকলিপিতে স্টেশনটির উন্নয়নসহ চার দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে আন্তঃনগর ৭২৫ ও ৭২৬ আপ-ডাউন সুন্দরবন এক্সপ্রেস এবং ৭৬১ ও ৭৬২ আপ-ডাউন সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদান করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন), জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুল লতিফ বিশ্বাস এবং জামায়াতে ইসলামী মনোনীত আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল)।
উল্লেখ্য, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে একজন স্টেশনমাস্টার হিসেবে আবু সাঈদ গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি এর আগে উথলী রেলওয়ে স্টেশনে স্টেশনমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া