শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

তৃণমূল পর্যায় থেকে হবে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন চুয়াডাঙ্গার জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন, দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে ক্রীড়াক্ষেত্রে চালু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে বিভিন্ন ইভেন্টে অংশ নিতে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।


চুয়াডাঙ্গা:
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, কালচারাল অফিসার সাইফুল হাসান মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা। বৃহস্পতিবার দুপুর থেকেই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগীরা।


উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন থেকে আসা নিবন্ধিত খুদে খেলোয়াড়দের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অডিটরিয়াম। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে বসে তারা প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে। এবারের প্রতিযোগিতায় সাধারণভাবে ১০ থেকে ১৪ বছর বয়সী এবং দাবা ইভেন্টে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশ নিচ্ছে।


খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। এসময় দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বুদ্ধিবৃত্তিক দক্ষতা, মনোযোগ ও কৌশলের খেলা দাবা এবং ক্ষিপ্রতা, বিচক্ষণতা ও শারীরিক সক্ষমতার সমন্বয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেয় খুদে খেলোয়াড়েরা।


উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।


এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমরান মহালদার রিন্টু।


আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসান কাকন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি ও বাবু মুন্সিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দাবা ও ব্যাডমিন্টন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, শহিদুল ইসলাম, বিলকিস নাহার, আইরিন ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল হক ও রিপা শাহরিয়ার।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের কার্যক্রম তুলে ধরা হয়।
আলমডাঙ্গা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিন্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মদ, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুন অর রশিদ মন্ডল, সদস্য শরিফুল ইসলাম, সাবেক খেলোয়াড় শরিফুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্য আব্দুর রশিদ মঞ্জু, সোহাগ ও ইউনুস মাস্টার প্রমুখ।


দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। ‘খেলাধুলায় গড়ি দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে উপজেলা পর্যায়ের এ তারুণ্যনির্ভর ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে তরুণ ক্রীড়ামোদীদের পদচারণায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষ্ণা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বিন ফয়সলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। একই দিন বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের কানন কিন্ডারগার্টেন স্কুল চত্বরে স্থানীয়ভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী ও সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব মাহবুবুর রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ প্রজন্ম গড়ার ভিত্তি। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো প্ল্যাটফর্ম থেকে আগামীর জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’


জীবননগর:
সারা দেশের মতো জীবননগরেও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে ভার্চ্যুয়ালি জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আবদুল জব্বার, উপজেলা সমবায় অফিসার নূর আলম, সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকৌশলী আল-আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জীবননগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি প্রমুখ।


মেহেরপুর:
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে র‌্যালিটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন