মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ‘চাঁদাবাজ হটাও, সবার আগে বাংলাদেশ, দেশ বাঁচাও’ স্লোগান সামনে রেখে গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
রশিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, মোনাখালী ইউনিয়ন শাখার সভাপতি সোহরাব খান (তোতা) এতে সভাপতিত্ব করেন। একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিজয় গাজী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন মোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ আলী খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক।
বক্তারা বলেন, রশিকপুরসহ আশপাশের এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও মাদক কারবারের মতো অপরাধ চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের ওপর জুলুম ও অন্যায়কারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দৃঢ় অবস্থান নেওয়ার কথা জানান।
বক্তারা আরও বলেন, সম্প্রতি কিছু অসাধু চক্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁদের অভিযোগ। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
মুজিবনগর অফিস