মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার

আনন্দ-উৎসবে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান
  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৬ ইং
দামুড়হুদার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার

দর্শনা অফিস ও প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিমা তৈরি, রং করা, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি শেষে মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও আয়োজনের খোঁজ নিতে দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তাঁর সঙ্গে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।


গতকাল সোমবার সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কথা বলেন। তিনি মণ্ডপের সার্বিক আয়োজন, দর্শনার্থীদের উপস্থিতি, আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যরে গুরুত্বপূর্ণ অংশ। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে।


দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দির পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ, দর্শনা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অনন্ত শান্তার ও সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ, চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সহসভাপতি স্বরূপ কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, মন্দির উপদেষ্টা কমিটির সদস্য ডা. দুলাল চন্দ্র দে, দর্শনা পৌর পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক রতন কুমার লোধ, সদস্য অবনী মোহন সান্ত্বনা ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক দেবুতোষ বিশ^াস।


এছাড়া দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দামুড়হুদা উপজেলায় ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রতিমা সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা। উৎসব ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।


১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব ২০ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মণ্ডপ পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, প্রশাসনের নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগ উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ ইস্যুতে স্পষ্ট বার্তা আইনমন্ত্রীর