মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা পরিষদের দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে

জীবননগরে ব্যবসায়ীদের সমাবেশ
  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২৬ ইং
জেলা পরিষদের দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে

জীবননগরে জেলা পরিষদের একটি দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে সমাবেশ করেছে জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতি। গতকাল সোমবার বিকেল ৪টায় জীবননগর স্টেডিয়াম মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা পরিষদের দোকান মালিক শাফায়েত হোসেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পুনরায় দোকান বুঝিয়ে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।


জেলা পরিষদের নোটিশে উল্লেখ করা হয়েছে, জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন ৩৭৫ বর্গফুটের ওই জায়গা শাফায়েত হোসেনকে অস্থায়ী ভিত্তিতে ইজারা দেওয়া হয়েছিল। তবে ইজারার জায়গা অন্যত্র ভাড়া বা সাব-লিজ দেওয়ার মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত জেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটির সভায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ১০ দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দিয়ে দোকান, স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেন বলেন, ‘আমি প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছি। এখন হঠাৎ জানতে পারছি, আমার দোকানের ইজারা বাতিল করা হয়েছে। আমি চাই, জেলা পরিষদ যেন ইজারা বাতিলের আদেশ প্রত্যাহার করে আমার দোকানটি আমাকে ফিরিয়ে দেয়।’


জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী বলেন, ‘অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে এখান থেকে সরানো যাবে না। অন্যায়ভাবে জেলা পরিষদ কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা সবাই মিলে জোরালো প্রতিবাদ করব। প্রয়োজন হলে রাস্তায় নামব।’


প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহজাহান কবির, আশরাফুল হক, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, মুন্সি নাসির উদ্দিন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহসভাপতি মশিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালিদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন শফি এবং সদস্য মাজেদুর রহমান মিল্টন ও আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি