সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতেরও টার্গেট ডিসেম্বর

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৬ ইং
জামায়াতেরও টার্গেট ডিসেম্বর

ছয় দফা দাবি আদায়ের লংমার্চে নেমে সরকারকে ‘এক দফার’ হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গত শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি থেকে জোটের নেতারা এ হুমকি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকার দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করে ঘরে ফিরবেন তারা। এর আগে ভারতে অবস্থানরত পতিত স্বৈরাচার হাসিনাও এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। ফলে দেশের রাজনীতিতে ডিসেম্বর মাস ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য এক নয়। তবে একই সময় ঘিরে জামায়াতের সরকার পতনের হুঁশিয়ারি এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে।


এদিকে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট জামায়াতে ইসলামী তৈরি করছে বলে মন্তব্য করেছেন। গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আবু হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে, দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ডাক দেবে তারা। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাও ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। সেই লক্ষ্যে নাকি প্রস্তুতিও চলছে।’


তিনি আরও বলেন, ‘জামায়াতের ডিসেম্বরের আন্দোলন আর হাসিনার ডিসেম্বরে ফেরার মধ্যে সম্পর্ক রয়েছে। তা ছাড়া জামায়াতের আজকের বক্তব্য ও সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারাই ডিসেম্বরে হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে।’ গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর চরিত্র অবশ্যই সুবিধাবাদী। ক্ষমতার জন্য তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার কোলেই উঠেছিল। এরা সবচেয়ে বড় মুনাফেক।’ তিনি সতর্ক করে বলেন, ‘একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।’


অন্যদিকে মাত্র ৬ মাসে সরকার ব্যর্থ হয়েছে এমন দাবিতে জামায়াতের লংমার্চ কর্মসূচি গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনায় কোনো ভুলত্রুটি থাকলে বিরোধী দল তা ধরিয়ে না দিয়ে লংমার্চের নামে রাজপথে নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারের কাজের গঠনমূলক সমালোচনার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বিরোধী দল বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে পারতেন। কিন্তু তারা দায়িত্বশীল বিরোধীদলের মতো আচরণ না করে রাজপথকে বেছে নিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

মালিককে মেসেজ পাঠিয়ে কোটি টাকা নিয়ে হাওয়া গাড়িচালক