দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের পূর্ব মাঠে পেঁপে বাগান থেকে চুরির সময় তিন বস্তা পেঁপেসহ এক ভ্যানচালককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত মারুফ (আনসার ভিডিপি সদস্য) পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ একই গ্রামের আনসার ভিডিপি সদস্য উম্বর আমিনের ছেলে।
পেঁপে বাগানের মালিক বাঘাডাঙ্গা গ্রামের মান্নান ও কার্পাসডাঙ্গা গ্রামের সামসুলের ছেলে সামাদ জানান, তাদের যৌথভাবে প্রায় ৭ বিঘা জমিতে পেঁপে বাগান রয়েছে। সামাদ বলেন, ‘কিছুদিন আগে মারুফ আমার বাগান থেকে পেঁপে চুরি করতে গিয়ে ধরা পড়ে। ঝামেলা এড়াতে তাকে ছেড়ে দিই। কিন্তু পরে সে আবারও চুরি করে বাগানের অর্ধেক পেঁপে নিয়ে যায়। এতে আমার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
মান্নান জানান, বাগান থেকে নিয়মিত পেঁপে চুরি হওয়ায় তিনি টানা তিন দিন পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পান, বাগান থেকে চুরি করা পেঁপে পাশের ভুট্টার গাদার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। পরে সেখানে গিয়ে দেখেন, এক ভ্যানচালক পেঁপে তুলতে এসেছে। তিনি বলেন, ‘ভ্যানচালককে আটক করলে সে স্বীকার করে যে মারুফ তাকে পেঁপেগুলো নিয়ে যেতে বলেছে। এর আগেও সে একইভাবে তিন বস্তা পেঁপে নিয়ে গেছে।’
পরে উদ্ধার করা পেঁপে ও ভ্যানচালককে বাঘাডাঙ্গার কদমতলা এলাকায় নিয়ে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় তারা অভিযুক্ত মারুফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয়রা অভিযোগ করেন, মারুফ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে একটি ধর্ষণ মামলায় জেল খাটার অভিযোগ রয়েছে। এছাড়া এক ব্যবসায়ীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ আছে বলেও দাবি করেন তারা।
এছাড়া আনসার ভিডিপির নারী সদস্যদের নির্বাচনী ডিউটির নামে প্রতারণা করে অর্থ নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এলাকাবাসী তার কঠোর শাস্তির পাশাপাশি আনসার ভিডিপির সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মারুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় কথা বলা সম্ভব হয়নি। তার বাবা উম্বর আমিন বলেন, ‘দেখি কি করা যায়।’
প্রতিবেদক কার্পাসডাঙ্গা