শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিসি-এসপির সঙ্গে ‘সম্পাদক পরিষদের’ সৌজন্য সাক্ষাৎ

জেলাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডিসি-এসপির সঙ্গে ‘সম্পাদক পরিষদের’ সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক ও প্রধান সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর একটি প্রতিনিধি দল নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


সংগঠনের আহ্বায়ক, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন এবং সদস্যসচিব, আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচির নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা এবং আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল হক (বিপুল আশরাফ)। এসময় অতিথি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক।


জেলা প্রশাসক লুৎফুন নাহার সম্পাদক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি স্থানীয় পত্রিকাগুলোর সংবাদ প্রকাশের প্রশংসা করে বলেন, পিছিয়ে পড়া চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেলা প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর গঠনমূলক সমালোচনারও আহ্বান জানান।
অন্যদিকে, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সম্পাদক পরিষদের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গাকে ঘিরে তার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ‘সব অপরাধের মূল হলো মাদক। মাদক নিয়ন্ত্রণে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধ অন্তত ৮০ শতাংশ কমে আসবে বলে তিনি মনে করেন।


১ মে থেকে স্থানীয় সব পত্রিকার মূল্য ৫ টাকা:
এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে সম্পাদক পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সরদার আল আমিনের সভাপতিত্বে সভায় সদস্যসচিব রাজীব হাসান কচিসহ উপস্থিত সম্পাদকরা স্থানীয় পত্রিকা টিকিয়ে রাখার বিষয়ে মতামত দেন। সভায় জানানো হয়, কাগজ, প্লেট, কালি ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় সংবাদপত্র প্রকাশ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে আগামী ১ মে থেকে স্থানীয়ভাবে প্রকাশিত সব পত্রিকার অভিন্ন মূল্য ৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পরিষদের সকল সদস্য সম্মতি দেন। এছাড়া সম্পাদক পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান