আলমডাঙ্গার ছোট পুটিমারী গ্রামে আগুন লেগে এক দরিদ্র কৃষকের একটি গরু ও ৬ ছাগলের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ছোট পুটিমারী মন্ডলপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজার রহমান বুধবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে তিনি গোয়ালে আগুন দেখে চিৎকার চেচামেচি শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ঘুম থেকে উঠে দৌঁড়ে তার বাড়িতে উপস্থিত হন।
স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও কৃষক মিজার রহমানের গোয়ালে থাকা একটি গরু ও ১০ টা ছাগলের মধ্যে ৬টা মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ হবে বলে জানা যায়। দরিদ্র কৃষক মিজার রহমান বলেন, রাত ৩টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন তার গোয়ালে আগুন জ্বলছে। মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তার পুড়ে যাওয়া ৬টি ছাগল ও ১টি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা হবে।
আলমডাঙ্গা অফিস