দামুড়হুদার মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ীদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের বিভিন্ন ক্লাসে ও শিক্ষকদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির জন্য পুরস্কৃত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন সম্মাননা পুরস্কার দেওয়া হয় ।
দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক পর্ব স্থান পায়। নতুন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস মুখরিত হলেও, বিদায়ী শিক্ষার্থীদের বিদায়লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাসান তনু। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা ও নিষ্ঠার সাথে পড়াশোনা করার এবং বিদায়ী শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পরীক্ষার সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট ও ক্রেস্ট উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা তাদের বিগত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি টিপু সুলতান, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা কলেজের প্রভাষক শরিফুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা খাতুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।
প্রতিবেদক দামুড়হুদা