চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে গাঁজা, মদ ও মাদক বিক্রির টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড় ও বেলগাছি রেলগেট সংলগ্ন হোমিওপ্যাথি কলেজ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি আলাউদ্দিন আল আজাদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে।
আটককৃতরা হলেন- সদর উপজেলার দৌলতদিয়ার কোরিয়াপাড়ার সহিদুলের ছেলে মানিক (২২), একই এলাকার দুদু মণ্ডলের ছেলে বাপ্পি মন্ডল (৩২), আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মুছা মল্লিকের ছেলে লিটন (৩২), মহিদুল ইসলামের ছেলে রাকিব মন্ডল (২৯) এবং একই এলাকার মুকামতলার আলতাফ মালিথার ছেলে মিলন (৩৫)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে সদর থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চলছে। চলমান মাদক বিরোধী অভিযানে আজ (গতকালও) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসেরের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, অভিযানে গাঁজা, বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মানিককে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তারের পর ১৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। বাপ্পিকে মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তারের পর ৩ মাসের কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে লিটন, রাকিব ও মিলনকে বাংলা মদ ও মাদক সেবনের সারঞ্জমসহ গ্রেপ্তারের পর প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত সকলকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদক