মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারেক রহমান সরকারের যাত্রা শুরু আজ

সকালে এমপিদের ও বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ
  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৬ ইং
তারেক রহমান সরকারের যাত্রা শুরু আজ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে এবং জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি এক ব্যতিক্রমী ঘটনা। অন্যদিকে, দেশ স্বাধীনের পর, বিশেষত সংসদীয় রাজনীতির ইতিহাসে শেষ হতে যাচ্ছে দীর্ঘ এক অধ্যায়ের। রাষ্ট্র ও সরকার পরিচালনার নেতৃত্বে ঘটছে প্রজন্মের পরিবর্তন। যাত্রা শুরু হচ্ছে নতুন প্রজন্মের তারেক রহমান সরকারের। আর এর মধ্য দিয়ে কার্যত বাংলাদেশ প্রবেশ করছে নতুন এক অধ্যায়ে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের আজ সকাল ১০টায় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করানো হবে। এরপর আজই বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। নির্বাচিতদের সকালে সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।


আর বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েক জন বিদেশি অতিথি। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও যোগ দেবেন এতে। সব মিলিয়ে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথি যোগ দিচ্ছেন আজকের শপথ অনুষ্ঠানে। নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিএনপির সংসদীয় দলের সভা আজ, সেখানে নির্বাচিত হবেন সংসদ নেতা:
নিয়ম অনুসারে, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল সোমবার গণমাধ্যমকে বলেছেন, ‘এমপিদের শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা হবে। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।’ নিয়ম অনুযায়ী এরপর বিএনপির সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং তাকে জানাবেন যে সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আবেদন করবেন। রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।


জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, সংসদ ভবনে ‘শপথ কক্ষে’ নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথ গ্রহণের পর নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করবেন এবং পরিচয়পত্রের জন্য ছবি তুলবেন। তিনি জানান, আজ সকাল ১০টা থেকে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিক শপথ পাঠ করানো হবে। অন্যদিকে, পরিচয়পত্রের জন্য নির্বাচিতদেরকে সঙ্গে করে জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার জন্য গতকাল সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।


সিইসিকে সংসদ সচিবালয়ের চিঠি:
নির্বাচনে বিজয়ীদের আজ সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর জন্য অনুরোধ জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনকে গতকাল চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। গতকাল সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।


সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিতদের শপথ পড়াবেন সিইসি:
গতকাল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’ যদিও জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি ও দলটির মিত্র দলগুলোর নির্বাচিতরা আজ শপথ নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।


তারেক রহমানের সঙ্গে দেখা করে শপথের প্রস্তুতি জানালেন মন্ত্রিপরিষদ সচিব:
এদিকে, গতকাল বিকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সাক্ষাতের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের সঙ্গে শপথ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছি। তারা তাদের খুঁটিনাটি কিছু বিষয়ে চাহিদা দিয়েছেন। আমরা তা মেনে নিয়েছি।’ এর আগে গতকাল মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা নাসিমুল গণি। এরপর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একবার সংসদ সদস্য হিসেবে, আরেক বার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট যেমন একজন মন্ত্রীর জন্য একটি গাড়ি লাগে; একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে; সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়; তার অফিসকে এলার্ট করতে হয়; তার নিজস্ব যে সব অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়; এসব কিছু আমাদের  দেখতে হয়।’ উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল  ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা জিতেছেন। আর তাদের মিত্র দলগুলো পেয়েছে তিনটি আসন। অর্থাৎ বিএনপি ও তার মিত্ররা মিলে পেয়েছে ২১২ আসন। অন্যদিকে, জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াত ও দলটির মিত্ররা পেয়েছে মোট ৭৭টি আসন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা