শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
থাইল্যান্ডে ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ বাংলাদেশের গৌরব

দর্শনায় সংবর্ধনায় ভাসলেন আন্তর্জাতিক স্বর্ণজয়ী তরুণ উদ্ভাবক

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৬ ইং
দর্শনায় সংবর্ধনায় ভাসলেন আন্তর্জাতিক স্বর্ণজয়ী তরুণ উদ্ভাবক

বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ইতিহাসে যুক্ত হলো আরও একটি গৌরবময় অধ্যায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃতী শিক্ষার্থী মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ। এই অর্জনে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা বাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাহিদ রোবোটিক্স ও ড্রোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তার উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার অসাধারণ প্রতিভার পরিচয় দেন। তার এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলার নাম উজ্জ্বলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন তিনি।


উল্লেখযোগ্য বিষয় হলো, মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ এর আগেও মালেশিয়ায় অনুষ্ঠিত আরেকটি আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছিলেন। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য অর্জনের মাধ্যমে তিনি নিজেকে একজন সম্ভাবনাময় ও সফল তরুণ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।


বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি অংশগ্রহণকারীর সংখ্যার বিচারে মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ডসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে প্রতিযোগিতাটির আন্তর্জাতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।


এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক ছিল মালেশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আবদুল্লাহ এবং এমওয়াইএসও’র সভাপতি ড. রাজমি বিন আবদু রাজাক।


বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করে বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (ইণঝও)। এ সময় প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।


মোহাম্মদ জাহিদ হাসান জিহাদের এই আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন চুয়াডাঙ্গা জেলা তথা বাংলাদেশের উদ্ভাবন, বিজ্ঞান ও স্টেম শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক ও গর্বের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের জন্য শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়ায় মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ বলেন, আলহামদুলিল্লাহ। এই স্বর্ণপদক একা আমার নয়। এটি আমার পরিবার, শিক্ষক, মেন্টর, সাংবাদিক এবং আমার জেলার সকল মানুষের সম্মিলিত প্রেরণার ফল। ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার কোনো ঘাটতি নেই। সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে আমরা বিশ্বমঞ্চে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার এই সাফল্য যদি নতুন প্রজন্মকে স্টেম শিক্ষায় আগ্রহী করে তোলে, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমানের ‘আমার বিএনপি সংগঠন’, বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু, চুয়াডাঙ্গা সাহিদ প্যালেসের স্বত্বাধিকারী (সিআইপি) আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সকল সহযোগীদের প্রতি।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএনপি'র সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক সদস্য আলহাজ্ব মশিউর রহমান, যুবদল নেতা রিংকু, আব্দুর রহিম মুন্না, সেচ্ছাসেবক দল নেতা মান্নান মাস্টার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী শাহিনের মাগফিরাত কামনায় দোয়া