বৈষম্যহীন নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচার বিভাগ চুয়াডাঙ্গায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিচার বিভাগ চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও তারা এই কর্মসূচি পালন করছেন। নবম পে-স্কেল তাদের ন্যায্য অধিকার দাবি করে তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে, কিন্তু সে তুলনায় তাদের বেতন বাড়েনি। বক্তারা আরও বলেন, এক সময় যে ওষুধ ৫ টাকায় পাওয়া যেত, তা এখন ৩৫ টাকায় কিনতে হচ্ছে। একইভাবে পরিবহন ভাড়াও কয়েকগুণ বেড়েছে। আগের বেতন কাঠামোতে বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
তারা জানান, অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল (আজ) যমুনা ঘেরাও কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে সারা দেশের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সঙ্গে চুয়াডাঙ্গার কর্মচারীরাও ঢাকার উদ্দেশে রওনা হবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জজশীপের একাডেমিক কর্মকর্তা ওহিদুল ইসলাম, নজির ওসমান গণি, রেকর্ড কিপার ডালিম হোসেন, কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মামুনসহ বিচার বিভাগ চুয়াডাঙ্গার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক