বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু

চার বছরের তুলনায় কিছুটা কমলেও নারীর সংখ্যা বেশি
  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২৬ ইং
ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু

ঝিনাইদহ জেলায় গত এক বছরে আত্মহত্যা করেছে ৩০১ জন। এর মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৮২ জন এবং বিষপানে আত্মহত্যা করেছে ১১৯ জন। গতকাল রোববার দুপুরে মহেশপুর মানবাধিকার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান।


তিনি জানান, ২০২৫ সালে ঝিনাইদহ জেলায় আত্মহত্যাকারীদের মধ্যে পুরুষ ১৩৩ জন এবং নারী ১৬৮ জন। আগের বছর ২০২৪ সালে আত্মহত্যা করেছিল ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ১৫২ জন ও নারী ১৬৭ জন। ২০২৩ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ৩২৮ জন এবং ২০২২ সালে ছিল ৩২৩ জন। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত চার বছরের তুলনায় ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা কিছুটা কমেছে।


উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আত্মহত্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা ৭৯ জন। দ্বিতীয় স্থানে শৈলকূপা ৬৭ জন, তৃতীয় স্থানে মহেশপুর ৪৬ জন, চতুর্থ স্থানে হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ- উভয় উপজেলায় ৪৩ জন করে এবং পঞ্চম স্থানে কোটচাঁদপুরে আত্মহত্যা করেছে ২৩ জন। মোট ৩০১ জন আত্মহত্যাকারীর মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেছে ১৮২ জন। এর মধ্যে পুরুষ ৭৩ জন এবং নারী ১০৯ জন। বিষপানে আত্মহত্যা করেছে ১১৯ জন। এর মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৫৭ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্যসূত্র পর্যালোচনা করে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত চার বছরে জেলায় আত্মহত্যা করেছে মোট ১ হাজার ২৭১ জন, যার মধ্যে নারী আত্মহত্যাকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।


এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, নারীরা তুলনামূলকভাবে বেশি আবেগপ্রবণ হওয়ায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। আত্মহত্যার পেছনে মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা, পরকীয়া সম্পর্ক এবং দারিদ্র্যসহ নানা সামাজিক কারণ জড়িত।


এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মহত্যার ঘটনা এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে তা অন্যদের প্ররোচিত না করে। পাশাপাশি কাউন্সেলিং সেবা বাড়ানো জরুরি, কারণ সময়োপযোগী মানসিক সহায়তা একজন মানুষের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।


তিনি আরও জানান, জেলা প্রশাসন আত্মহত্যা প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ