মেহেরপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৫’। গতকাল শনিবার মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং স্মার্টফোনের ভার্চুয়াল গেমের আসক্তি থেকে বের করে আনতে খেলার মাঠে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। বক্তারা বলেন, ‘মাদকের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা। আজকের যুবক যদি স্মার্টফোনের গেমে ডুবে থাকে, তাহলে তার শরীর-মন দুটোই নষ্ট হবে। আমরা চাই, মোবাইলের স্ক্রিন নয়Ñ খেলার মাঠই হোক তোমাদের আড্ডাখানা। মাদক নয়, ঘাম ঝরানোই হোক তোমাদের নেশা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত হতে না দিতে আজকের যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং চরিত্র গঠনে সহায়তা করে।’ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার ১টি মোট ৮টি দল ভলিবল ও কাবাডি দুটি ইভেন্টে অংশগ্রহণ করছে। আয়োজক হিসেবে রয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর।
প্রতিবেদক মেহেরপুর