জয়রামপুরের আনজিরা নিহত : পাঁচ নারী শ্রমিকসহ ৭ জন আহত
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৭
ইং
দামুড়হুদার উজিরপুরে আলমসাধুর পেছনে দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধু আরোহী এক নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ নারী শ্রমিকসহ ৭ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুরে তাল্লু স্পিনিং মিলের নিকট এ দুর্ঘটনা ঘটে। এদিকে, আহতদের কেউ কেউ যাত্রীবাহী বাস ইএন পরিবহনের ধাক্কার কথা জানালেও আবার কেউ কেউ জানিয়েছেন পূর্বাশা পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঘাতক যাত্রীবাহী বাসের নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহত নারী শ্রমিক আনজিরা বেগম (৫০) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আনিস উদ্দীনের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন, নারী শ্রমিক জয়রামপুর গ্রামের আনুরা বেগম (৪৮), মোয়াজ্জেমের স্ত্রী শুকতারা বেগম (৫০), নাগরেছন বানু (৪০), ফাতেমা বেগম (৪৫) এবং জামাত আলী (৫৫) ও আশিক (২৫)। আহতদের মধ্যে ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ৭ নারী শ্রমিক একটি আলমসাধুযোগে চুয়াডাঙ্গার ঝুট ফ্যাক্টরিতে কাজে আসছিলেন। তাদের সাথে দু’জন পুরুষ শ্রমিকও ছিলেন। তারা দামুড়হুদার উজিরপুরে তাল্লু স্পিনিং মিলের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাস আলমসাধুতে ধাক্কা দেয়। এতে আলমসাধুর সকল যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আনজিরা বেগম চিকিতসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে মারা যান। এছাড়া আহত ফাতেমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিতসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
কমেন্ট বক্স