আলমডাঙ্গা থানার সামনে স্টেশনারী দোকানে চুরি!
- আপলোড তারিখঃ
০৬-১১-২০১৭
ইং
অলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা মসজিদের সামনের সড়কের পাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে বলে জানিয়েছেন দোকান মালিক উজ্জল। গত শনিবার দিনগত গভীর রাতে ওই চুরির ঘটনাটি ঘটে। তবে চুরির ধরন দেখে আশপাশের দোকান মালিকেরা এটাকে রহস্যময় চুরি আখ্যা দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, থানা মসজিদের সামনের সড়কের পাশে উজ্জলের স্টেশনারী দোকান। দোকানটির বামপাশে মোটরসাইকেলের সীট কভার বাঁধাইয়ের দোকান ও ডানপাশে রয়েছে স্টিলের জানালা-দরজা তৈরীর একটি দোকান। এই দুই দোকানের মাঝখানের উজ্জলের স্টেশনারী দোকানের ওপরের টিনের চাল কেটে ভেতরের সবকিছু তছনছ করেছে চোর। প্রতিদিনের মত সকালে উজ্জল দোকান খুলে দেখতে পান ভেতরের সবকিছু এলোমেলো। চালের ওপরের টিন কাটা। ক্যাশ থেকে তিন হাজার টাকা ও দামি সিগারেটের প্যাকেট ও সাবানসহ কসমেটিক্স নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক উজ্জল। এদিকে, চুরির ঘটনাটি রহস্যময় করে তুলেছে উজ্জলের দোকানের দুই পাশের দোকানের চালের টিন কাটার ঘটনা। চোররা ওই দুই দোকানের কিছুই নেয় নাই। প্রশ্ন উঠেছে, ওই দুই দোকান থেকে নেয়ার মত কিছু না থাকলেও চোরেরা কেন ঝুকি নিয়ে দীর্ঘ সময় ধরে দোকানের টিনের চাল কাটতে যাবে?
কমেন্ট বক্স