আলমডাঙ্গার ভাংবাড়ীয়াতে ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলমডাঙ্গা থানা এ সভার আয়োজন করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এসময় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা নিরসনে উত্তম পুলিশি সেবা দিয়ে দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। জনগণের সাথে মিলেমিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।
পুলিশ সুপার বলেন, ‘ভাংবাড়ীয়া ইউনিয়নে এই প্রথম এসে আমি জানতে পেরেছি, ভাংবাড়ীয়া ইউনিয়ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলে। ভাংবাড়ীয়া ইউনিয়ন এমন একটি জায়গা, যেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত সংবাদ আসে- মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, চাঁদাবাজি ও দখলদারির মতো অপকর্মের। আপনাদের সহযোগিতা পেলে আমরা মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও চাঁদাবাজি-দখলদারিমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে পারব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক সাইফুল হুদা সোহেল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ সাংবাদিক মুর্শিদ কলিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক সেলিম রেজা, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল হুদা প্রমুখ।
প্রতিবেদক মেহেরপুর