রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, ১০ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, ১০ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপার কালে নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক চারটি অভিযানে মদ উদ্ধার ও ১০ বাংলাদেশি আটক হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত রাত ১২টা ১০ মিনিটে ৫৮ বিজিবি’র নিমতলা বিওপির আওতাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মনির হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতর থেকে আসামি বিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


একই রাতে রাত সাড়ে ৩টার দিকে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৪-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বেনীপুর বিত্তিপাড়া গ্রামে পৃথক অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই টহলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার গান্দিয়াশুর গ্রামের নিত্যানন্দ সমাদ্দারের ছেলে নিপুণ সমাদ্দার (৩৮)। অন্য দুজনের একজন নারী ও শিশু। তাদের জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


এছাড়া আজ (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাঙা বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙা হুদাপাড়া গ্রামে টহল পরিচালনা করেন সুবেদার মো. আতিয়ার রহমান। এসময় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় অপর একজন নারী আটক হন। তাকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে ৫০০ গজ ভেতরে কাজিরবেড় গ্রামে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।


আটককৃতদের মধ্যে গোপালগঞ্জের নির্মল বিশ্বাস (৩৬) ও নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ সাজুসহ (২২) পুরুষ দুইজন পুরুষ রয়েছে। অন্যদের মধ্যে তিনজন নারী ও এক শিশু। তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


মহেশপুর ব্যাটালিয়ন সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত