ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার এবং সীমান্ত অতিক্রমকালে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আগেরদিন গভীর রাত পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। আজ বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামে অভিযান চালানো হয়। হাবিলদার মাঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী এ অভিযানে আসামি আটক না হলেও ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।
পরে আজ ভোর চারটার দিকে বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা আদিবাসী পাড়ায় পৃথক অভিযান চালানো হয়। হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।
অপরদিকে, সকাল ছয়টার দিকে খোশালপুর বিওপির অধীন সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে আনুমানিক ১৭৫ গজ বাংলাদেশের ভেতরে খোশালপুর গ্রাম থেকে আরও ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারাও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। হাবিলদার নুরুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহলে তারা আটক হয়। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সমীকরণ প্রতিবেদক