চুয়াডাঙ্গার মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে ৫৮ বিজিবি। একইসঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৪টায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার থেকে আগেরদিন শুক্রবার পর্যন্ত পৃথক পাঁচটি অভিযানে এসব মাদক জব্দ ও অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ১৯০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন হাবিলদার হেলাল উদ্দিন। পরবর্তীতে একই দিন রাত ৮টা ৫১ মিনিটে নিমতলা বিওপির আওতাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার আসাদুর রহমান। রাত সাড়ে ১১টার দিকে উথলী বিওপির অধীন সন্তোষপুর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনা করেন সুবেদার হাফিজুর রহমান।
এছাড়া, আজ ভোররাতে আরও দুটি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। ভোর সাড়ে তিনিটার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নবদূর্গাপুর গ্রামের একটি আমবাগান থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার উবায়দুল্লাহ।
এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানটি চালানো হয় ভোর পাঁচটার দিকে। খোসালপুর বিওপির আওতায় খোশালপুর গ্রামের একটি বাঁশবাগানে টহলরত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। তাদের মধ্যে রয়েছেন খুলনার মিন্টু মোল্যাসহ (৪৩) আরও ৪ জন নারী ও ৫ শিশু। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
সমীকরণ প্রতিবেদন