বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া জোনের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘চুয়াডাঙ্গার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। জুলাই সনদকে অবশ্যই লিগ্যাল ফ্রেমে আনতে হবে। আমরা এ বিষয়ে অনড়।’ গতকাল শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডির একটি মিলনায়তনে ঢাকাস্থ চুয়াডাঙ্গাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না। আমরা অবশ্যই নির্বাচনে যাব, তবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। দেশের ৭১ শতাংশ মানুষ ইতোমধ্যে এ বিষয়ে একমত হয়েছে। শুধু একটি দল ছাড়া সবাই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট।’
মোবারক হোসাইন আরও উল্লেখ করেন, ‘যারা একসময় জামায়াতকে কোনো আসন দিতেও চাইত না, তাদের সিটের হিসাব এবার জামায়াতের কাছ থেকেই নিতে হবে। ইনশাআল্লাহ সব ইসলামী দল এক প্ল্যাটফর্মে নির্বাচনে অংশ নেবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. মো. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং সঞ্চালনা করেন গোলাম সরোয়ার। এছাড়া ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহাম্মেদ, শিবিরের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সাইমুম পরিচালক আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক