ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চুয়াডাঙ্গার দুই কৃতী শিক্ষার্থী জয়লাভ করেছেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘোষিত ফলে এ অর্জন নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়া নিবাসী মো. ওয়াসির আল মাসতুর। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং মো. ওহিদ হোসেনের ছেলে।
এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ওয়াসির আল মাসতুর বলেন, ‘চুয়াডাঙ্গাবাসী সবসময় নেতৃত্ব সংকটে ভুগে। এ কারণেই আমরা পার্শ্ববর্তী ও অন্যান্য জেলা থেকে অনেক পিছিয়ে আছি। আমি চুয়াডাঙ্গাবাসীর ন্যায্য দাবি আদায়ের কণ্ঠস্বর হতে চাই।’
অন্যদিকে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জীবননগরের মো. সাদিক মুনওয়ার মুনেম। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী ২৬ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে ১ নম্বর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। একইসঙ্গে তিনি হল সংসদের সদস্যসচিব ও ভিপির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ভিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষাজীবনে সাদিক মুনওয়ার মুনেম দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর উপ-দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিজের নির্বাচনী অভিজ্ঞতা সম্পর্কে সাদিক মুনওয়ার মুনেম বলেন, ‘সবাইকে আপন করে নিতে ভালোবাসি, অপরের স্বার্থ সর্বাগ্রে রাখতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত মজলুমের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই। আমি কোরামভিত্তিক কোনো ভোট চাইনি; বরং ভোটারদের বলেছি সততা, যোগ্যতা এবং কর্মস্পৃহার মানদণ্ডে যিনি এগিয়ে থাকবেন, তাকেই ভোট দিন। শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে আমাকে বেছে নিয়েছেন। তাদের আস্থার আমানত আমি রাখব ইনশাআল্লাহ।’
নিজস্ব প্রতিবেদক