দর্শনার কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষি তাত্ত্বিক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে হলরুমে ৯টি গ্রামের আখচাষীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁঁইয়া সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
তিনি চাষিদের উদ্দেশে বলেন, ‘আপনারা আগাম আখচাষ করলে আপনাদের ভর্তুকি দেওয়া হবে। তাই অল্প জমিতে ভালো বীজ রোপণ করলে আপনারা ফলন বেশি পাবেন। আপনারা এসটিপি বেড তৈরি করে আখ লাগান, দেখবেন আপনারা আখের ফলন বেশি পাবেন। তাই আপনারা বেশি বেশি আখ লাগিয়ে চিনি শিল্প টিকিয়ে রাখুন। আগামী বছর আপনাদের কথা চিন্তা করে আখের মূল্য বৃদ্ধি করা হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) দেলোয়ার হোসেন, ডিজিএম (কৃষি সম্প্রসারণ) মাহাবুবুর রহমান, এসসিডিএ মাহফুজুল আলম রতন প্রমুখ।
দর্শনা অফিস