‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং সৎ, মানবিক, দেশপ্রেমিক এবং জ্ঞানসম্পন্ন নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা।’ এ কথা বলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের জীবনের এই সাফল্য শুরু মাত্র। যদি সত্যিকার অর্থে জ্ঞানের আলোয় আলোকিত হও, তবে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবের আসনে পৌঁছে দিতে পারবে।’
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ আক্কাস লেক ভিউ রিসোর্টে ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিভাস শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, প্রফেশনাল সাইকোলজিস্ট সাব্বির আহমেদ জুয়েল, কৃতি শিক্ষার্থী মাহিনুর আলম ও সায়মা খাতুন এবং শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানিজ ফাতেমা ত্বন্নি।
অধ্যাপক আব্দুল মজিদ আরও বলেন, ‘আজকের সাফল্য তোমাদের জীবনের প্রথম ধাপ মাত্র। মনে রেখো, কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উজ্জ্বল হয়ে ওঠাই প্রকৃত শিক্ষা। তোমাদের দায়িত্ব হলো মায়ের মতো মাটি ও দেশের মতো আপনজনের প্রতি দায়বদ্ধ থাকা। সততা, পরিশ্রম আর দায়িত্বশীলতা নিয়ে এগোতে পারলে তোমরাই আগামী দিনের নেতা, গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারক হবে। তোমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু চাকরি নয়—বরং জ্ঞান দিয়ে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, মানবতার কল্যাণ ও দেশের অগ্রগতি সাধন।’
প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, সফল হতে হলে শৃঙ্খলা ও সময়ের মূল্য দিতে জানতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষক ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। তারা বলেন, সততা, নৈতিকতা ও পরিশ্রমই একজন শিক্ষার্থীর মূল সম্পদ। অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
ঝিনাইদহ অফিস